ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ৭ ডিসেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন; ফাইল ছবি

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

Advertisement

মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রুতগামী টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!