পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু ইব্রাহিম খলিলুল্লাহ কুশিউড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলার কথা বলে বাসা থেকে বের হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় (ডায়েরি নং: ৩৪৩, তারিখ: ৮/১২/২০২৪)। কিন্তু সোমবার সকালে গ্রামের শিশুরা বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে তাদের বল পরিত্যক্ত ঘরের ভেতরে চলে যায়। এ সময় তারা বল আনতে গিয়ে নিখোঁজ ইব্রাহিমের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, গত শনিবার নিখোঁজ হয় ইব্রাহিম নামের একটি শিশু। সোমবার সকালে শিশুটির বাসার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে এই হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।