এস আলমের বিরুদ্ধে নারী ব্যবসায়ীর প্রতারণার মামলা
চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেছেন এক নারী ব্যবসায়ী। তার নাম নাজমে নওরোজ। তিনি নগরের নগরের লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভঙ্কর ঘোষ।
তিনি জানান, প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসার সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে পরিচয় হয় বাদীর। ব্যবসা বাড়ানোর জন্য বাদীকে নিজের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নগরের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ নিয়ে দেন মাসুদ। এরপর আরো কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিয়ে দেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে ঋণগুলো নেয়া হয়। এরমধ্যে বাদীকে নিজের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাসুদ। আকিজ উদ্দিন ও মাসুদ ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে এবং ধার হিসেবে নিয়ে ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।