মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যায় বিচারের দাবিতে বিক্ষোভ
মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নারী-পুরুষ। এদিকে সড়ক অবরোধ করলে প্রায় ঘণ্টাব্যাপী জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় যানজট।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্শান্বিত হয়ে দেড় মাস আগে চিতলিয়া বাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও আসামিদের গ্রেফতারে কোনো তৎপরতা নেই পুলিশের। এতে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
.png)
২৪ ঘণ্টার মধ্যে এজহার নামীয় ৮ আসামিকে গ্রেফতার ও অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ বিচার করতে হবে। অন্যথায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। পরে অবরোধ ছেড়ে একই দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর মামলার আসামিদের সঙ্গে স্পিডবোটে করে ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে রাতে আসামিরা বাড়ির লোকজনকে জানায় শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে এজহার নামীয়সহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। নিহত ইলিয়াস মুন্সীগঞ্জ সদরের উপজেলার চর মশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে।