ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটে মা-মেয়ের নিথর দেহ, পাশে কাঁদছিল ছোট্ট তাহমিনা 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৪
খাটে মা-মেয়ের নিথর দেহ, পাশে কাঁদছিল ছোট্ট তাহমিনা 
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার সাত বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।মৃত রূপালী আক্তার ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম ওই গ্রামের মো. মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে। মোস্তাকিম ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিসের সিপাই হিসেবে কর্মরত। বর্তমানে তিনি প্রেষণে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে রয়েছেন।

জানা গেছে, আট বছর আগে মোস্তাকিনের সঙ্গে একই উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গ্রামের আবদুর রশিদের মেয়ে রূপালী আক্তারের বিয়ে হয়। এ দম্পতির দুই মেয়ে। গত সোমবার রাতে রূপালী তার দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের গিয়ে দেখেন রূপালী ও বড় মেয়ে রুবাইয়ার মরদেহ বিছানায় পড়ে আছে। আর দুই বছরের ছোট মেয়ে তাহমিনা পাশে বসে কাঁদছে।

Advertisement

রূপালীর বাবা আবদুর রশিদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে। 

তিনি জানান, সম্প্রতি মোস্তাকিন গ্রামে জমি কিনে তা থেকে একাংশ ছোট ভাইকে দেওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। প্রায় দুই সপ্তাহ আগে মোস্তাকিন রূপালীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে চার-পাঁচ দিন আগে রূপালী আবার শ্বশুরবাড়ি ফিরে যান। 

তিনি আরো বলেন, আমার মেয়ে ও নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। রূপালীর শরীরে আঘাতের চিহ্ন আছে। 

রূপালীর শাশুড়ি আমেনা খাতুন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি ঘুম থেকে ওঠে রূপালী ও তার মেয়েদের দেখতে না পেয়ে তাদের ডাকতে যান। গিয়ে দেখেন, রূপালী ও তার বড় মেয়ে খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। তাদের পাশে ছোট মেয়ে জীবিত রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই গোড়ালির ওপরে ও দুই কবজির ওপরে কালো দাগ রয়েছে। তার মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে। সিআইডি ও পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!