ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষা যেন খুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব

মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১৬:৫২, ১৮ ডিসেম্বর ২০২৪
পরীক্ষা যেন খুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব
৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিন্ডারগার্টেন বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

পাবনার ঈশ্বরদীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেকড় মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছোটদের এই বড় পরীক্ষা যেন আঁতুরঘরের এক সাহসী দীপশিখা। বেশ আগ্রহ নিয়েই প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার সাতটি কিন্ডারগার্টেনের প্রায় ৩ শতাধিক খুদে শিক্ষার্থী।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলকেন্দ্রে শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে সকাল থেকে কেন্দ্রের মাঠে পরিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম দেখে মনে হচ্ছিল পরীক্ষা যেন খুদে শিক্ষার্থী-অভিভাবকদের একটি উৎসব।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাল গবেষণাকেন্দ্রের পরিচালক ড. মো. সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডাল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহিনুজ্জামান, ড. মো. সামসুর আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের পাবনা জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, মোছা. জুলেখা ইয়াসমিন হ্যাপি। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের সভাপতি আব্দুল খালেক।

Advertisement

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অপেক্ষমাণ অভিভাবকরা বলেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমাদের সন্তানদের কাছে একটি উৎসব-উদ্দীপনার মতো মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে; এমন কোনো বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি যেন তারা শুধু খেলাধুলা নয়, বইমুখীও হতে পারে।

ডাল গবেষণাকেন্দ্রের পরিচালক ও কেন্দ্র পরিদর্শক ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে। শুধু তাই নয়, এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নও সম্ভব হবে বলে আমি মনে করছি।

ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিরু মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন শেখ মহসিন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  আবুল হাসেম, আব্দুল বাতেন, জাগরণ ডটকমের সম্পাদক ওহিদুল ইসলাম, জাগ্রত সকালের সম্পাদক ও দৈনিক আমার সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান, সাংবাদিক খাইরুল বাসার মিঠু, সাইদুল ইসলামসহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!