ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনেদুপুরে যুবককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৪
দিনেদুপুরে যুবককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
বগুড়া সদর থানা -ফাইল ফটো

বগুড়ায় দিনেদুপুরে তারেক (৪০) নামে যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তারেক শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর)-এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশে বের হন তারেক। এ সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা ছুরি দিয়ে হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Advertisement

বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দীন বলেন, তারেক নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!