ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ২২ ডিসেম্বর ২০২৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের চালতিপাড়া, হাসাড়াসহ পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত মো. ফরহাদ হোসেন (৪০) ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।

হাসাড়া হাইওয়ে থানার এএসআই সগির মিয়া জানান, রোববার ভোর ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।

Advertisement

জানা গেছে, ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয় আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে আরো কয়েকজন আহত হন।

এদিকে এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!