৫ মাস পর শহিদ ইয়াসিনের লাশ উত্তোলন
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের ৫ মাস পর ময়নাতদন্তের জন্য ইয়াসিন নামে এক তরুণের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. মেহেদী হাসান, নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইমানুর হোসেন ও স্থানীয় হাসপাতালের ডা. শাশ্বত মিস্ত্রী চন্দন।
জানা যায়, ইয়াসিন গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে তার মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। পরবর্তীতে তার ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আদেশে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
.png)
বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।