ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবিকে খুন করে তাবলিগে যান দেবর, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৪ ডিসেম্বর ২০২৪
ভাবিকে খুন করে তাবলিগে যান দেবর, অতঃপর...
গ্রেফতারকৃত সাইফুল সাইফুল্ল্যাহ ওরফে খালেদ -ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ আক্তার নামে এক গৃহবধূকে সড়কে আটকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাতে নরসিংদীর মনোহরদী থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল সাইফুল্ল্যাহ ওরফে খালেদ (২৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার চিরণভূঁইয়ার নতুন বাড়ির আব্দুল কাইয়ুম লিটন ওরফে ডিশ লিটনের ছেলে। নিহত শাহনাজ আক্তার পিংকি একই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার নোয়া বাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই ছেলের জননী।

জানা যায়, পারিবারিকভাবে ১৬ বছর আগে পিংকির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। পিংকির দূর সম্পর্কের চাচাতো দেবর খালেদ এবং একই বাড়ির বাসিন্দা। বছর খানেক আগে পিংকির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করে আনতে দেন খালেদকে। ওই সময় খালেদ মোবাইল থেকে পিংকির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেন। এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে পিংকিকে ব্ল্যাকমেইল করে সাত লাখ টাকা আদায় করেন। একই কায়দায় পরকীয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালান। এরপর তিনি আরো টাকা দাবি করেন এবং পরকীয়ায় ব্যর্থ হয়ে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মাইল্যা বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে পিংকিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। একই সময়ে আসামি ভিকটিমের শ্বশুর রেজাউল হক (৮০)-কেও কুপিয়ে জখম করেন।

Advertisement

পুলিশ জানায়, ঘটনার পরপরই আসামি খালেদ ফেনী থেকে বাসযোগে সরাসরি ঢাকার কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলিগ জামাতে যোগ দিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে ঢাকায় ৩ দিন তাবলিগ জামাত সম্পন্ন করে নরসিংদীর মনোহরদী থানার মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদে গিয়ে তাবলীগে জামাতে যোগদান করেন। বেগমগঞ্জ মডেল থানার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে। পরে গত সোমবার রাতে নলুয়া জামে মসজিদে তাবলিগ জামাত শেষ পর্যায়ে অপর মসজিদে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ আল ফারুক বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!