থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ে আমিরন নেছার (৩২) সঙ্গে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকত। একপর্যায়ে ইব্রাহিমকে ভালো হওয়ার শর্তে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাবার বাড়ি নিয়ে যায়। এ নিয়ে স্বামী ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়েন।
এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন ইব্রাহিম। পরে সেখানে না গিয়ে শ্বশুরবাড়ির কাছাকাছি একটি পুকুরপারে বসে বিষপান করে আত্মহত্যা করেন তিনি। বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন ও থানা পুলিশে খবর দেন।
.png)
মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।