[ দেশজুড়ে ]
পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তানভির ইসলাম মোহন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ও তাজমিন আক্তার নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তানভির ইসলাম মোহন মারা যান। পরে স্থানীয়রা স্ত্রী তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এদিকে, কাভার্ডভ্যানকে আটক করা গেলেও চালক পালিয়েছেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!