ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে হত্যা মামলায় গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৩০ ডিসেম্বর ২০২৪
মাদারীপুরে হত্যা মামলায় গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিনজন খুনের ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। দুই মামলায়ই প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতু। তাদের সোমবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মামলার বিয়য়ে গণমাধ্যমে কথা বলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

Advertisement

এর আগে, সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটি দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান ও নিহত সিরাজ চৌকিদারের পিতা রশিদ চৌকিদার। দুই মামলায় আসামি করা হয়েছে ৯৯ জনকে। অজ্ঞাত আছে আরো দেড় শতাধিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছেন বলে নিহতদের পরিবারের দাবি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামি তার ছোট ভাই মশিউর রহমান রাজন। তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। অন্য আসামিদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নিরাপত্তার জন্যে পুলিশ মোতায়েন আছে। এজাহারে চেয়ারম্যান সুমনের নেতৃত্বেই দুটি খুন হয়েছে বলে দাবি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!