নিখোঁজের ২ দিন পর জুনায়েদের লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় নিখোঁজের ২ দিন পর জুনায়েদ (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কোনাবাড়ীর আমবাগ পশ্চিম পাড়ার একটি নির্মাণাধীন ভবনের গলিতে লাশটি পাওয়া যায়।
নিহত জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিম পাড়ায় মোয়াজ্জেম হোসেনের টিনশেড বাসায় ভাড়া থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। মঙ্গলবার এলাকায় মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়। বুধবার দুপুরে নির্মাণাধীন ভবনের গলিতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান এক রাজমিস্ত্রি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
.png)
জুনায়েদের নানি সুরাতন বলেন, খবর পেয়ে আমরা ছুটে এসেছি। আমার ভাগ্নির বিয়ে হয়েছিল প্রায় ২০ বছর আগে। কিন্তু দুই বছর আগে তার স্বামী ডিভোর্স দিয়ে বিদেশে চলে যায়। ছেলেমেয়ে নিয়ে আমার ভাগ্নি গার্মেন্টসে চাকরি করে সংসার চালাত।
জুনায়েদের বড় বোন জান্নাতি বলেন, সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে জুনায়েদ আর ফিরে আসেনি। আমরা কারো কোনো ক্ষতি করিনি। তবুও কেন আমাদের এত বড় ক্ষতি হলো?
কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।