ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজহারীর মাহফিলে মুসল্লির ঢল, পদদলিত হয়ে আহত ৫

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ৪ জানুয়ারি ২০২৫
আজহারীর মাহফিলে মুসল্লির ঢল, পদদলিত হয়ে আহত ৫
আজহারীর মাহফিলে মুসল্লির ঢল।

যশোরে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে লাখ লাখ মুসল্লির ঢল নামে। এ সময় পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।

এর আগে, গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। এতে পদদলিত হয়ে একাধিক লোক আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, তিন দিনব্যাপী ওই মাহফিলের শেষ দিনে আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হন। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এ জন্য অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায়। বিকেল থেকে মাহফিলের স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে।

মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর আগে বক্তব্য রাখেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় এ মাহফিলের আয়োজন করে আদ-দ্বীন ফাউন্ডেশন। তিনদিনের এ মাহফিলে ২০ লাখ লোকের সমাগম হয়েছে বলে দাবি করেছে আয়োজক কর্তৃপক্ষ।

মাহফিল সফল করতে নিরাপত্তার জন্য যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৮৪৬ জন পুলিশ সদস্য এবং আদ-দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যগণ দায়িত্ব পালন করেন।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!