ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ৪০ দিন নামাজ আদায়ে যে উপহার পেল ১৮ শিক্ষার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৪ জানুয়ারি ২০২৫
টানা ৪০ দিন নামাজ আদায়ে যে উপহার পেল ১৮ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

শিশু শিক্ষার্থীদের মসজিদে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঈশ্বরদীর নবনির্মিত বায়তুল্লাহ নূর জামে মসজিদ কর্তৃপক্ষ। এতে দারুণ সাড়াও মেলে। শিশু শিক্ষার্থীরা দলে দলে এসে মসজিদে নামাজ আদায় করতে থাকে। এতে বদলে যায় এলাকার পরিবেশও। টানা ৪০ দিন নবনির্মিত মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ১৮ জন শিশু শিক্ষার্থীদের প্রত্যেকে একটি করে সাইকেল উপহার পেয়েছে। নতুন বছরে দারুণ উপহার পেয়ে তারাও ব্যাপক খুশি।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাঁশেরবাদা এলাকাতে উপহারের এসব সাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন মসজিদ নির্মাতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

জানা গেছে, বাঁশেরবাদা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক স়ভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নির্মাণ করেন।

Advertisement

নির্মাণ কাজ শেষে তিনি ঘোষণা দেন স্কুলপড়ুয়া যেসব শিক্ষার্থী ৪০ দিন জামাতের সঙ্গে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের একটি করে সাইকেল উপহার দেওয়া হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ জন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ আহানাফ আবিদ সামিন। মো. নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নাসির আহমেদ, হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল আজিজ, হাফেজ মাওলানা জিয়াউল ইসলাম বিশ্বাস, হাফেজ মাওলানা শাহরিয়ার হাসান, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রনি, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা বেলাল হোসেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও বায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ। 

এ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে সেসব শিক্ষার্থীদের সাইকেল উপহার দেওয়া হয়েছে। শিশু কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো অসম্ভব হয় না। কিন্তু শিশু শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। আমাদের দেশের শিশু কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। তাদেরকে মসজিদমুখী করতেই মূলত এই আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!