প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য দিনের বেলায় পাবনার আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভোক্তভোগী রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারি। তিনি সরদার স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
.png)
রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদফতরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সংলগ্ন স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন। তিনি ব্যাংকের কাছে পৌঁছালে ৮ থেকে ১০ জনের ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভেতরে টাকা নেই।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি- অপরাধীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।