ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিসির অপেক্ষায় কনকনে শীতে দাঁড়িয়ে রইল শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ৬ জানুয়ারি ২০২৫
ডিসির অপেক্ষায় কনকনে শীতে দাঁড়িয়ে রইল শিক্ষার্থীরা
তীব্র শীতে জার্সি পরে ডিসির আসার অপেক্ষায় শিক্ষার্থীরা -ছবি: সংগৃহীত

যশোরে জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যথাসময়ে উপস্থিত হতে পারেননি প্রধান অতিথি। কনকনে শীতে শুধুমাত্র জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে টুর্নামেন্টে আসা শতাধিক শিশু শিক্ষার্থীকে।

রোববার (৫ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

Advertisement

আয়োজকরা জানান, যশোরের ৮ উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। এর দুই ঘণ্টা আগে বাসে করে শিক্ষার্থীরা খেলার মাঠে উপস্থিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বরত কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর শিক্ষার্থীরা তাদের জার্সি পরে দাঁড়িয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছাই। উপজেলার জার্সি পরে দাঁড়িয়েছিলাম। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সে সময় আর আসেননি। খুব কুয়াশা আর শীত ছিল।

খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথাসময়ে খেলা শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!