বুধবার দুপুর পৌনে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস, সাগর ব্রিকস ও হাঁসদিয়ার এমএসকে -১ এবং চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, থানার উপ-পরিদর্শক আবু সায়েম প্রমুখ।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মিকাইল ইসলাম বলেন, বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিককে ৫০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, ড্রাম চিমনিগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন ভাটা মালিকেরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।