ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৪ মার্চ ২০২৬
কক্সবাজারে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, ধারালো চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আব্দুর রহমানের ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।

Advertisement

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগে আরো দুই থেকে তিনজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন মো. আলম (৩৩),  মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮), জাহেদ উল্লাহ (২১)। আটককৃতরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানানো হয়। আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন  মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!