ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ৮ মার্চ ২০২৬
ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মো. মাসুদ মিয়া নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. হাসিব মিয়া একই গ্রামের বাসিন্দা। তারা একই মায়ের সন্তান হলেও তাদের বাবা ভিন্ন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি ও বসতভিটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। শনিবার ইফতারের পর পুনরায় বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে ছোট ভাই হাসিব উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন। এতে মাসুদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

স্থানীয়রা আরো জানান, মাসুদের বাবা আমিনুর মিয়ার মৃত্যুর পর তার মা পরিবারেরই এক চাচার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারে হাসিব মিয়ার জন্ম হয়। বড় হওয়ার পর পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা তৈরি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসিব মিয়া পলাতক রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। দুই ভাইয়ের মধ্যে বসতবাড়ি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ রাতে হঠাৎ করেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম বলেন, জামালপুর জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পুলিশ হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!