স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মো. রুমান মিয়া (১৯) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক মো. রুমান মিয়া জামালপুর সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মিলনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, রুমান মিয়া একই গ্রামের অষ্টম শ্রেণির এক নাবালিকা শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ২০২১ সালের ২৭ অক্টোবর বিকেল ৩টার দিকে কোচিং সেন্টার থেকে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে জোরপূর্বক অপহরণ করেন।
.png)
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গোলাম নবী জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে মেয়েটিকে উদ্ধার করে এবং রুমান মিয়াকে গ্রেফতার করে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ প্রেরণ করা হলে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য ও প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে রুমান মিয়াকে দোষী সাব্যস্ত করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রশিদ রেজওয়ান (বাবু)।