ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় দুর্ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় দুর্ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ছেড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু-ডাউন (চট্টগ্রাম মেইল) ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল—কুমিল্লা সদর দক্ষিণ এলাকা অতিক্রম করে। উদ্ধার কাজের জন্য এর মধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে।

Advertisement

এর আগে, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশুসহ মোট ১২ জন নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় ও জোনাল এই দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!