ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ২৭ মার্চ ২০২৬
চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসটির সব যাত্রী অক্ষত অবস্থায় রয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।  এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটি বিকট শব্দ করে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!