ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌদ্দগ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭, ২২ এপ্রিল ২০২৬
চৌদ্দগ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
গ্রেফতার জলিল আহমেদ জাবেদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফাতেমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় সোমবার (২০ এপ্রিল) রাতে নিহতের স্বামী জলিল আহমেদ জাবেদকে (৩৫) অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন নিহতের ছোট বোন কুলসুমা আক্তার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। গ্রেফতার জাবেদ পেশায় একজন মাইক্রোবাস চালক।

অভিযোগ উঠেছে, স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী দগ্ধ হয়েছেন বলে প্রচার করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১১ বছর আগে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমেদের ছেলে জাবেদের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একজন কন্যাসন্তান রয়েছে।

Advertisement

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনা চলছিল। এরই মাঝে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাবেদ ফাতেমাকে গালাগাল করেন। এ সময় ফাতেমা প্রতিবাদ করলে জাবেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ঘরে মজুত করা পেট্রল ঢেলে ফাতেমাকে আগুনে দগ্ধ করেন তিনি।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় ফাতেমাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তিনি মারা যান।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!