ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রায় ৩ কেজি গাঁজাসহ জুবায়ের শেখ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
আটক জুবায়ের শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা।
.png)
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে একটি ইজিবাইকে করে জুবায়ের শেখ ভাঙ্গা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে গাঁজা সরবরাহ করতে যান। ওই এলাকায় তার উপস্থিতি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় ইজিবাইক থেকে আনুমানিক ৩ কেজি গাঁজা উদ্ধারসহ জুবায়েরকে আটক করা হয় এবং ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর শরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জুবায়ের শেখকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) মো. মনিরুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুবায়ের শেখ ছোটপাল্লা এলাকায় মূলত গাঁজা বিক্রি ও সরবরাহের উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু স্থানীয়দের সতর্কতার কারণে তিনি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জনতা কর্তৃক উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। আটক জুবায়ের শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।