ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিয়াদের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১৮ জুন ২০২৬
রিয়াদের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
সংগৃহীত ছবি

সৌদি আরবের আল-জউফ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর গ্রামের বাসিন্দা। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান গিয়াস উদ্দিন। সেখানে তিনি আল-জউফ এলাকার একটি কৃষি ফার্মে (মাজরা ভিসায়) কর্মরত ছিলেন। বুধবার দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, আকস্মিক এই মৃত্যুর খবরে পুরো পরিবার এখন দিশেহারা। উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে নিহতের স্ত্রী ও সন্তানরা অনবরত আহাজারি করছেন। গিয়াস উদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাদ খান বলেন, “গিয়াস উদ্দিন শিকদার ছিলেন একজন অমায়িক মানুষ। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। বিদেশের মাটিতে তার এই মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”

 ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী এই বিষয়ে জানান, সাধারণত প্রবাসী কর্মীর সংশ্লিষ্ট কোম্পানি মরদেহ দেশে পাঠানোসহ অন্যান্য আইনগত ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে। মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, “যদি কোনো কারণে বিদেশের নিয়োগকারী কোম্পানি মরদেহ দেশে পাঠাতে অস্বীকৃতি জানায় বা জটিলতা তৈরি করে, তবে পরিবারের আবেদনের ভিত্তিতে ওই প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে এনে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার।”

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!