ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে সাভারের আমিনবাজার সংলগ্ন তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ এলাকায় দলটির সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করতে পারে—এমন গোপন সংবাদ পায় প্রশাসন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। পরে মিছিলের প্রস্তুতি নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ব্যানারসহ আওয়ামী লীগের ওই ৬ সমর্থককে আটক করা হয়।
আটককৃতরা সবাই পতিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। পরিদর্শক নূর মোহাম্মদ জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধ করতে সাভার ও আশুলিয়া জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে নবীনগর ও বাইপাইল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।