নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ মারধর করতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংগঠনটির সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম নড়াইল সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
.png)
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, "বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন— বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান নয়ন (৩৮), সহ-সভাপতি সৌরভ কর্মকার (২৬), লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের সজিবুল ইসলাম হৃদয় (২৬), শাহাদাত হোসেন রায়হান (২৫), লোহাগড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন জমাদ্দার (২৯), ইমন শিকদার (২৪), মো. ইস্রাফিল (২৫), মো. সজীব চৌধুরী (২৬), এস কে আসলাম (২৫), নড়াইল পৌরসভার মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস (৪০) এবং সদর উপজেলার মো. জুবায়ের শেখ (২০)।
লিখিত অভিযোগে আমিরুল ইসলাম উল্লেখ করেন, অভিযুক্তরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক লেখালেখি ও ভুয়া ভিডিও পোস্ট করে আসছেন। এমনকি আন্দোলনকারীদের মারধর করতে পারলে ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ, ২ লাখ ও ৫ লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন তারা, যা সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিরুল ইসলাম বলেন, "জুলাই বিপ্লবের সাফল্য দেখে আওয়ামী লীগের দোসররা এখন পাগল হয়ে গেছে। তারা দেশ থেকে পালিয়ে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে লুকিয়ে থেকে ফেসবুকের মাধ্যমে এ ধরনের কাপুরুষোচিত হুমকি দিচ্ছে। এদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং এর সুষ্ঠু প্রতিকার চাই। তবে প্রতিকার না পেলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে।"
এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অন্যতম অভিযুক্ত আব্দুল্লাহ আল জাবের লোটাস বলেন, "অভিযোগকারীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। এমনকি আমার সঙ্গে যাদের আসামি করা হয়েছে, তাদের অনেককেও আমি চিনি না। আমার বিরুদ্ধে তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক।"