ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ২১ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ
সংগৃহীত ছবি

ট্রেনে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে টিটি (টিকিট চেকার) কর্তৃক শারীরিক লাঞ্ছনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড় ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফুটওভার ব্রিজের কাছে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ভুক্তভোগী ফরহাদ হোসেন রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। শিক্ষার্থীদের অভিযোগ, চলন্ত ট্রেনে রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের বিরোধিতা করায় দায়িত্বপ্রাপ্ত টিটি তাকে মারধর করেন।

Advertisement

ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্ত টিটির দৃষ্টান্তমূলক শাস্তি এবং রেলে যাত্রী হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। দাবি না মানা পর্যন্ত রাজপথ ও রেলপথ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আকস্মিক এই অবরোধের কারণে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা অন্তত দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের সূচি বিপর্যয় ঘটেছে, যা ভোগান্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে সব পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!