ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল ১০ ঘন্টা পর স্বাভাবিক

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২১ জুলাই ২০২৬
রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল ১০ ঘন্টা পর স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) মারধর করার ঘটনায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ১০ ঘন্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। 

মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাজশাহী রেল স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে সকাল সাড়ে ছয়টা থেকে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

ঘটনার সূত্রপাত ঘটে সোমবার রাতে। ভুক্তভোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দীন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার সময় ট্রেনের টিটিই'র অনৈতিকভাবে ঘুষ নেওয়ার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত টিটিই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন। এসময় ওই শিক্ষার্থীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ফোরকান।

Advertisement

পরে তিনিসহ কয়েকজন বিষয়টি রেলওয়ে স্টেশনে জানালেও কোন ইতিবাচক সাড়া না পেয়ে সুষ্ঠু বিচারের দাবিতে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা।

এদিকে রেললাইন অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রেল কর্তৃপক্ষ এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেয়।

বৈঠকে অভিযুক্ত টিটিইকে সাময়িকভাবে বরখাস্ত; উচ্চতর তদন্ত করতে রেলওয়ে কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন; ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজ করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সার্বিক বিষয়ে অগ্রগতির নিয়ে আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে আরেকটি আনুষ্ঠানিক সভার ঘোষণাও দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নেওয়ায় শিক্ষার্থী প্রতিনিধিরা ফিরে এসে বিকাল সাড়ে তিনটায় এক প্রেস ব্রিফিং করে অবরোধ প্রত্যাহার করেন। ব্রিফিংয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, আমরা মনে করি আমাদের ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার পেয়েছি। আমরা এই মূহুর্ত থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। ৬ আগস্টের পর আমরা আবারও এ বিষয়ে সকলের সামনে বিস্তারিত তুলে ধরব।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীকে হেনস্তা করা হয়েছিল আমরা সেটির শাস্তি নিশ্চিত করতে পেরেছি। শিক্ষার্থীদের বাকি যেসব দাবি ছিল সেগুলোও মেনে নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!