ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ সম্পদ অর্জন: আদালতের রায়ে ৩ বছরের জেল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ২৩ জুলাই ২০২৬
অবৈধ সম্পদ অর্জন: আদালতের রায়ে ৩ বছরের জেল
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে রায়ে তার প্রায় এক কোটি ৭০ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Advertisement

দণ্ডপ্রাপ্ত আসামির নাম ইসরাত জাহান দিপা। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।

মামলার রাষ্ট্রপক্ষের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শেখ কোব্বাত হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় ২০২০ সালের ৩০ নভেম্বর ইসরাত জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সাথে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও পৃথক অভিযোগ আনা হয়েছিল। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।

দুদকের আইনজীবী জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি ইসরাত জাহানকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, তার নামে থাকা এক কোটি ৬৯ লাখ চার হাজার ২৭১ টাকা মূল্যের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোশাগারে যুক্ত করার নির্দেশ দেন বিচারক।

তবে অর্থপাচার প্রতিরোধ আইনের ধারায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, আসামির পূর্বের হাজতবাসের সময়সূচি এই সাজার মেয়াদ থেকে সমন্বয় করা হবে বলে জানান এই আইনজীবী।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!