চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ আগস্ট) ভোরের দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করে বিএসএফ।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেইট দিয়ে রোববার ভোেরর দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিন জন ব্যক্তিকে (এক পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তারা বাংলাদেশে ঢোকার আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। মাধবখালী বিওপির টহল দল শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করলে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তিন জন ব্যক্তি ভোর ৫টা ২০ মিনিটে ভারতের তারকাটার কাছে ফেরত যায়। পরে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা ৭ টা ৫৫ মিনিটে ৬৮/৫-এস সীমান্ত গেইট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।