রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া নগরীর ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার তাপস সরকার (৫০) ও তাঁর ছেলে তীব্র সরকার (৩০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তের দিকে যাচ্ছিল। ট্রাকটি উড়ালসেতুতে পৌঁছালে এর পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চালক ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় তাপস সরকার, তাঁর ছেলে তীব্রসহ কয়েকজন ট্রাকটির পাশে ছিলেন।
এরই মধ্যে ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে থাকা তাপস সরকার ও তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজন মারা যান।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহাজাহান সিরাজ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।