প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে হঠাৎ করেই অলোক সাহার ওপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অলোক সাহার দাবি, তিনি সভা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। এ সময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর কোনো ধরনের পূর্ববাক্য ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালান।
.png)
ঘটনার নিন্দা জানিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস সিকদার বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ তাদের উপস্থিতিতে অলোক সাহাকে হুমকি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।