ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৭ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বাবা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় নিহতের স্ত্রী আছিয়া খাতুন, ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ ময়না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত ছিলেন না। অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুরিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে স্ত্রী আছিয়া খাতুনের পারিবারিক বিরোধ হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূর সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয়।

এর কয়েক দিন পর ৩০ জুলাই রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আবু বাক্কার। এজাহারের অভিযোগ অনুযায়ী, রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে কোনো একসময় আসামিরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন। পরে লাশ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়।

পরদিন সকালে সেলিম উঠানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, তিনি তার বাবাকে হত্যা করেছেন। একপর্যায়ে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে আটক করেন।

পরে স্বজনরা ঘরে গিয়ে কম্বল সরিয়ে আবু বাক্কারের মাথার ডান পাশে গুরুতর জখম ও বিছানায় রক্ত দেখতে পান। তাকে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু হানিফ ২০১৫ সালের ৩১ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সেলিম, জাবেদ, আছিয়া খাতুন ও ময়না খাতুনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!