ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১৮ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি: ডেইলি বাংলাদেশ

স্কুল ড্রেস পরে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ৯-১০পযন্ত এক ঘন্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ের আয়া হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী শাহী (ঢাকা মেট্রো ব-১২-৩৩১৫) দ্রুতগামী যাত্রীবাহীবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর -ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।

পরে সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি (শাহী ঢাকা মেট্রো ব-১২-৩৩১৫) আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পলিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!