ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত পেরিয়ে পুশইন, জীবননগরে ভারতীয়সহ আটক ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৯ আগস্ট ২০২৬
সীমান্ত পেরিয়ে পুশইন, জীবননগরে ভারতীয়সহ আটক ৫
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে জীবননগর শহর এলাকায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বুধবার (১৯ আগস্ট) ভোরে বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়রা জানান। পরে তারা জীবননগর শহরের দিকে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

Advertisement

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, পাঁচজনকে থানায় এনে তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। তার নাগরিকত্ব যাচাই করা হচ্ছে।

এদিকে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!