স্থানীয় সূত্র জানায়, পূর্বে ফাজিলেরঘাট বাজার সংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী সড়কে ব্যবহৃত এই বেইলি ব্রিজটি পরবর্তীতে মোমারিজপুর ও কৃষ্ণরামপুর এলাকার যাতায়াত সহজ করতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, লোহায় মরিচা ধরা এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সম্প্রতি পাটাতন ভেঙে যাওয়ায় বর্তমানে হেঁটে বা বাইক নিয়ে পারাপার হওয়াও অসম্ভব হয়ে পড়েছে।
সেতুটি অচল হয়ে পড়ায় ফাজিলেরঘাট হাই স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল সরাসরি পরিবহন করতে না পারায় স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকদের অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে।
.png)
ভোগান্তি লাঘবে অতি দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন স্থায়ী সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।