ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার ডিজিটাল মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ ভৌমিক বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর জন্য ইলেকট্রিক মেশিনে ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের সাথে আটকে যান। ঘটনা দেখতে পেয়ে স্ত্রী মিনা রানী ভৌমিক তাঁকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই দুজনের প্রাণহানি ঘটেছে।
একসঙ্গে প্রবীণ দম্পতির এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।