ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মা যখন ঘুমিয়ে, ছোট্ট নিশিতা ভাসছিল ঝিরির পানিতে’

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২৭ আগস্ট ২০২৬
‘মা যখন ঘুমিয়ে, ছোট্ট নিশিতা ভাসছিল ঝিরির পানিতে’
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা নামে ৬ বছরের এক কন্যা শিশুর  মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গোলাছড়ি তিন কিলো এলাকার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশিতার মা ঘুমিয়ে ছিলেন। মা ঘুমে থাকার সুযোগে ছোট্ট নিশিতা একাই গোসল করার জন্য বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে নেমে যায়। অনেকক্ষণ মেয়েকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঝিরি পানিতে নিশিতাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।

Advertisement

স্থানীয় বাসিন্দা মনীষী চাকমা বলেন, আমরা যখন ছুটে গিয়ে দেখি তখন মেয়েটা পানিতে ভাসতেছে। সঙ্গে সঙ্গে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাচ্চাটা তখনই মারা গেছে। মা ঘুমিয়ে ছিল, কেউ বুঝতেই পারেনি মেয়েটা কখন পানিতে নেমেছে। খুবই কষ্টের ঘটনা।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিশিতার অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ছোট শিশুদের একা ঝিরি বা পানির কাছে যেতে না দিতে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!