ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৩০ আগস্ট ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এ কারণে সেখানকার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য আমদানি করা হবে না।

শাহীনুর ইসলাম মণ্ডল আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধের প্রভাব যাত্রী পারাপারে পড়েনি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হঠাৎ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!