রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। এর আগে রোববার রাত ১টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার শিমুলতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. আফজাল মিয়া (৪০) এবং খুলনা জেলার পাইকগাছা থানার পাইকগাছা গ্রামের আলী মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২৬)।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘সাগরিকা পরিবহন’ বাসে করে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
পরে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ২০টি কালো রঙের বায়ুরোধী পলি-জিপার প্যাকেটের ভেতর থেকে ৩ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।