ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে একটি লং ভেহিকেলের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িও উদ্ধার করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!