ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁঠালিয়ায় স্ত্রীর শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৬
কাঁঠালিয়ায় স্ত্রীর শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ আউড়া গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম পলাশ পেশায় ওষুধ ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসিও চালু করেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!