রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পার হলেও তিনি পানির ওপর ভেসে না ওঠায় দুই শিশু তাকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও পানিতে ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক সম্ভবত অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তিনি আর পানির ওপরে উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে যায়।
শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।