রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এর আগে একই দিন পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ফজলুল হক রোমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা যুবদল। একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, দল থেকে বহিষ্কারের পর নিজের অবস্থান তুলে ধরতে বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রোমান। নির্ধারিত সময়ের আগে সেখানে পুলিশের উপস্থিতি টের পান তিনি। এরপর সাংবাদিকদের সামনে বক্তব্য না দিয়েই সেখান থেকে চলে যান। পরে সংবাদ সম্মেলনটি আর অনুষ্ঠিত হয়নি।
ফজলুল হক রোমান মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মাওনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাঁর কার্যালয়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া এবং শ্রীপুরে ব্যবসা করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী মো. আতিকুল ইসলামের অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়া হৃদরোগের ওষুধ দিতে অস্বীকৃতি জানানোর জেরে তাঁকে রোমানের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে আটকে রেখে মারধর করায় তাঁর দুই উরুতে জখম হয়।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় ফজলুল হক রোমানসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আতিকুল ইসলাম। অভিযোগে তাঁকে হত্যার হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
আতিকুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে রোববার গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ ও সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফজলুল হক রোমানকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোমানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না।’
তবে অভিযোগগুলোর বিষয়ে ফজলুল হক রোমানের বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কেন তিনি সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন, সে বিষয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।