ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজও রহস্য ঘেরা সিরাজগঞ্জের ‘বেহুলার বাড়ি’

গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আজও রহস্য ঘেরা সিরাজগঞ্জের ‘বেহুলার বাড়ি’
আজও রহস্য ঘেরা সিরাজগঞ্জের ‘বেহুলার বাড়ি’। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বেহুলার বিনসাড়া গ্রাম। এই গ্রামটি বেহুলা-লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। আর এই গ্রামের মাটির নিচে লুকানো সোনার নৌকা আর ‘জীয়নকূপ’নিয়ে রহস্য ঘেরা রয়েছে। স্থানীয়দের দাবি, এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে অনেক অলৌকিক ঘটনা।

জনশ্রুতি অনুযায়ী, বেহুলা যখন লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে সোনার নৌকায় করে ভেসে যাচ্ছিলেন, তখন বেহুলার নৌকাটি খারীর (ছোট নদী বা নালা) মধ্যে ডুবে গিয়েছিল বা এই স্থানেই লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছিলেন। আজও এই স্থানটিতে মাটির নৌকার মতো দেখতে একটি স্থান রয়েছে। যা স্থানীয়দের কাছে ‘ডুবন্ত সোনার নৌকা’ নামে পরিচিত। ডুবন্ত নৌকার পাশেই একটি ‘জীয়নকূপ’ রয়েছে, যেখানে বেহুলা তার স্বামীকে জিন্দা করার জন্য পানি সংগ্রহ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বর্তমানে সংস্কারের অভাবে এই ঐতিহাসিক স্মৃতিচিহ্নটি অবহেলিত অবস্থায় রয়েছে। 

Advertisement

বেহুলা-লক্ষিন্দরের কথা কম বেশি সবার জানা। তথ্যমতে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের তৎকালীন নিচানী বাজার (বর্তমানে বিনসাড়া গ্রামে)। বাছোবানিয়ার একমাত্র রূপসী কন্যা ছিলেন বেহুলা সুন্দরী। এই বেহুলার সঙ্গে বিয়ে ঠিক হয় বগুড়ার চম্পকনগরে চাঁদ সওদাগরের ছেলেই লক্ষিন্দরের। লক্ষিন্দররা ছিল সাত ভাই, ছয় ভাইকে সাপে কেটে মেরে ফেলে। এ কারণে লক্ষিন্দরের জন্য নিছিদ্র লোহার বাসর ঘর তৈরি করা হয়। সব কিছু ঠিকঠাক ছিল তবুও হঠাই সুতানলী সাপ ঢুকে পড়ে বাসর ঘরে। এক নিমেষেই মৃত্যু গ্রাস করে লক্ষিন্দরকে। কিন্তু তাই বলে থেমে থাকেনি স্ত্রী বেহুলা। স্বামীর প্রাণ ফেরানোর অদম্য আশায়, বুক ভরা ভালোবাসায় সাপে কাটা স্বামীর দেহ নিয়ে সোনার নৌকায় শুরু হয় বেহুলার অসম্ভব যাত্রা।

কথিত আছে, বেহুলার সেই কিংবদন্তি সোনার নৌকাটি বিনসাড়া গ্রামে নদীতে (ছোট নদী বা নালা) ডুবে গিয়েছিল। বর্তমানে সেই স্থানে মাটির নিচে চাপা পড়া একটি নৌকা আকৃতির উঁচু ঢিবি দেখা যায়। নৌকা আকৃতির এই ঢিবি স্থানীয়দের কাছে বেহুলার ডুবন্ত সোনার নৌকার স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত। এছাড়া পাশেই রয়েছে রহস্যজনক ‘জীয়নকূপ’। বছরের পর বছর কুপের জল কখনও শুকায়না। বেহুলা এই কুপের জল ব্যবহার করতেন এবং এর অলৌকিক গুণ রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। এটি এমন একটি পবিত্র স্থান যেখানে অলৌকিক কিছু ঘটে। অনেকের বিশ্বাস এই জীয়নকূপে মানত করলে মনের আশা পুরণ হয়। এবং এই কূপের পানি পান করলে যে কোন রোগ ভালো হয়ে যায়। অলৌকিক এই বিশ্বাস ঘিরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে এখানে আসেন দর্শনার্থীরা। কেউ মানত করছেন কেউ খুঁজছেন রহস্যের উত্তর। বেহুলার মাটির নিচে সোনার নৌকার গল্প আর জীবন্ত কূপ মিলিয়ে বিনসাড়া গ্রাম রহস্য আর বিশ্বাসের এক অনন্য জায়গা।
বটগাছের ছায়ায় বেহুলা-লক্ষিন্দরের প্রেমের স্মৃতি জীয়নকূপের প্রায় ৫ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ। স্থানীয়দের ভাষ্য, বেহুলা ও লক্ষ্মীন্দর নাকি এই গাছের নিচে পরিচয় হয়। পরে সেখানেই বসে তারা গল্প করতেন। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত গাছটির শত শত ঝুরি আজও অতীতের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। বট গাছের মাঝে একটি শিব মন্দির রয়েছে। 

গ্রামবাসীর দাবি- প্রায় ৫৬০টি ঝুরি গাছটির সৌন্দর্য বাড়িয়েছে। প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসেন, তবে পর্যাপ্ত অবকাঠামো ও পর্যটন সুবিধার অভাবে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর (৫৫) বলেন, বেহুলার কাহিনী আমরা বাপ-দাদার কাছ থেকে শুনে আসছি। লোকমুখে প্রচলিত আছে, একসময় কেউ এই ডুবন্ত নৌকার জায়গা থেকে মাটি কাটতে গেলে অমঙ্গল ঘটত। এজন্য মানুষ এখনো জায়গাটিকে বিশেষ সম্মানের চোখে দেখে।

গ্রামের অমল কুমার (৭০) নামের এক প্রবীণ বাসিন্দা বলেন, জীয়নকূপ ও ডুবন্ত নৌকা ঘিরে বহু অলৌকিক গল্প প্রচলিত রয়েছে। ডুবন্ত নৌকার পাশেই রয়েছে রহস্যময় জীয়নকূপ। বছরের পর বছর পার হলেও এই কূপের পানি কখনও সম্পূর্ণ শুকিয়ে যায় না। যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। 
তিনি আরও বলেন, লক্ষিন্দরের প্রাণ ফেরানোর জন্য বেহুলা এই কূপ থেকেই পানি সংগ্রহ করেছিলেন। সেই থেকেই কূপটি মানুষের কাছে পবিত্র ও অলৌকিক স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

কুপের পাশে বসবাসকারী বৃদ্ধা জতি রানী (৭৫) বলেন, শুনে আসছি, ডুবন্ত নৌকার জায়গায় কোদাল চালালে অমঙ্গল হতো। তাই আশপাশে চাষ হলেও নৌকার জায়গাটা মানুষ এড়িয়ে চলত। বর্তমানে একই অবস্থায় রয়েছে। এই জায়গা নিয়ে মানুষের মনে এখনো ভয় আর শ্রদ্ধা দুটোই আছে। জীয়নকূপে মানত করলে মনের আশা পূরণ হয়। কেউ রোগমুক্তির আশায়, কেউ আবার কৌতূহল নিয়ে দূর-দূরান্ত থেকে এখানে আসেন বলে তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহাসিক নিদর্শন। দর্শনার্থীর সংখ্যা বাড়লেও পর্যটন সুবিধা ও গবেষণামূলক কার্যক্রম এখনও সীমিত। তাদের দাবি, সরকারি উদ্যোগে প্রত্নতাত্ত্বিক জরিপ ও গবেষণা পরিচালনা করা হলে এ অঞ্চলের প্রকৃত ইতিহাস আরও স্পষ্ট হয়ে উঠবে এবং লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হবে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বেহুলার জীয়নকূপ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কূপের পাশাপাশি বেহুলার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত অন্যান্য স্থাপনাও সংরক্ষণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেহুলার ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, যে খালপথ দিয়ে বেহুলার নৌযাত্রার স্মৃতি জড়িয়ে আছে বলে স্থানীয়রা বিশ্বাস করেন, সেই খাল পুনঃখননের বিষয়েও চিন্তাভাবনা চলছে। পাশাপাশি প্রত্নসম্পদগুলো তালিকাভুক্ত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতেও পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!