পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর ২টা ৫ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর চরপাড়া এলাকার শিমুলতলী থেকে লাল রঙের একটি ষাঁড় বাছুর চুরি হয়। চুরির সময় সাদা রঙের একটি নোহা গাড়ি ব্যবহার করা হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৬৩৭৫।
গরুটি চুরি যাওয়ার পর মালিক নাছির উদ্দিন ত্রিশাল থানায় অভিযোগ করেন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।
.png)
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় ব্যবহৃত নোহা গাড়িটির নম্বর শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে অভিযান চালায় পুলিশ।
ত্রিশাল থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরগঞ্জে অভিযান চালিয়ে চুরি যাওয়া ষাঁড় বাছুরটি উদ্ধার করে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হৃদয় (২৫) ও মো. আসাদ মিয়া (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-৬৩৭৫ নম্বরের সাদা নোহা গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বরের সূত্র ধরে চুরি যাওয়া ষাঁড়টি কিশোরগঞ্জ থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।