নির্মাণসামগ্রী সড়কে রেখে বায়ুদূষণ, ২৫ হাজার টাকা জরিমানা
নওগাঁয় নির্মাণাধীন ভবনের ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের পাশে রেখে এবং যথাযথভাবে ঢেকে না রাখায় বায়ুদূষণের অভিযোগে দুটি পৃথক মামলা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব মামলা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানকালে কয়েকটি নির্মাণাধীন ভবনের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী সড়কের পাশে রাখা অবস্থায় দেখা যায়। একই সঙ্গে এসব সামগ্রী যথাযথভাবে ঢেকে না রাখায় বাতাসে ধুলাবালি ছড়িয়ে পড়ছিল। এতে আশপাশের এলাকায় বায়ুদূষণ সৃষ্টি হচ্ছিল। পরে সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের নির্মাণসামগ্রী সড়কের পাশে না রাখা এবং যথাযথভাবে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বায়ুদূষণ রোধে উপস্থিত জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের নওগাঁর একটি দল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশদূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।